আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রোববার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের শুরুতে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিইসি বলেন, “আমি আগেরদিন তফসিল ঘোষণা করলাম, আর পরদিনই এমন একটি ঘটনা ঘটলো। এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে— আমার মাথার ওপর বাজ পড়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।”
তিনি বলেন, নির্বাচন ঘোষণার পরপরই এমন সহিংস ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও নির্বাচনী নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে অটোরিকশার কাছে এসে তাকে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
হাদির ওপর হামলার ঘটনার পর নির্বাচন কমিশন জরুরি বৈঠক ডাকে। ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হয়।